নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী এক নবজাতককে বৃষ্টির পানি সংরক্ষণের প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগে তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার নিহত শিশুর বাবা সৌরভ হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে নিহত শিশুর মা ফাতেমা বেগমকে (১৯)।
জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নিখোঁজ হওয়ার পর রাত ১০টার দিকে বসতঘরে রাখা বৃষ্টির পানির ড্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নবজাতক সৌরভ হোসেনের ছেলে। গ্রেপ্তার ফাতেমা বেগম বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।
স্থানীয়রা জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের মাধ্যমে সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। এরপর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। শিশু নিখোঁজ হওয়ার পর প্রথমে ফাতেমা অজ্ঞাত ব্যক্তি এবং পরে ‘জিনে’ শিশুটিকে নিয়ে যাওয়ার কথা বললেও পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদে ফাতেমা শিশুটিকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর ভাষ্য, ‘নবজাতক অতিরিক্ত কান্নাকাটি করত, ঘুমাতে দিত না।’ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এমআর/আরএন