খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস), দুটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোররাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার তবলছড়ির গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মাথায় তল্লাশি চৌকিতে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় সংকেত না মেনে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটির পিছু নেন। ৩-৪ কিলোমিটার ধাওয়া করার পর সড়কের পাশে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে একটি প্যাকেটে ক্রিস্টাল মেথ (আইস), দুটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মোটরসাইকেলে থাকা দুই চোরাকারবারি পালিয়ে যায়।
যামিনীপাড়া জোনের ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ক্রিস্টাল মেথ (আইস), দুটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খাগড়াছড়িতে এই প্রথম ক্রিস্টাল মেথ (আইস) মাদকের চালান জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এনএম/আরএন