নোয়াখালীর কোম্পানীগঞ্জে অগ্নিকাণ্ডে ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহজালাল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ওয়ালটন শোরুম, হাজী এন্টারপ্রাইজ অ্যান্ড ইলেকট্রনিকস, আবদুর রাজ্জাকের জুয়েলারি দোকান, প্লাস্টিকের ফুলের দোকান, স্বপন স্টুডিও ল্যাব, ফেমার্স উপহার স্টোর, মতিন ডেন্টাল কেয়ার, মুসলিম সেলুন, ন্যাশনাল কোকারিজের গোডাউন ও একটি জিম সেন্টার।
স্থানীয় ব্যবসায়ী শিপ্রা হার্ডওয়্যারের পরিচালক রিপন কর্মকার বলেন, শাহজালাল মার্কেটের নিচতলায় অবস্থিত ন্যাশনাল কোকারিজের গোডাউন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি এবং কবিরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সময় ভবনের ছাদে নারী ও শিশুসহ ২০ জন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মই ব্যবহার করে তাঁদের নিরাপদে উদ্ধার করেন। অগ্নিকাণ্ডে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ দুজন আহত হয়েছেন।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার আব্দুল মালেক বলেন, স্থানীয়দের ভাষ্যমতে, ন্যাশনাল কোকারিজের গোডাউনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪-৫টি দোকান আংশিক পুড়ে যায়। এছাড়া তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এমআর/আরএন