দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে দুই প্রার্থীর মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান ইসি সচিব।
ভোটগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে ইসি সচিব বলেন, নির্ধারিত দিনে নির্বাচনী কর্মকর্তারা উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে ভোটগ্রহণের কার্যক্রম শুরু করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এবার বিশেষ নকশার ব্যালট পেপার অনুমোদন করা হয়েছে। সাদা রঙের ব্যালট পেপারে কালো রঙে লেখা থাকবে।