দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দোহার উদ্দেশে রওনা হন তিনি। আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল সফরে যাচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।
সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে জ্বালানি সরবরাহ, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সফরটি বাংলাদেশ-কাতার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
-টিএস