
সংগৃহীত ছবি
গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খুলনায় শিশু-কিশোরদের নিয়ে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিশু-কিশোরদের মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজনে খুলনার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ছোট ছোট শিক্ষার্থীরা রং-তুলির মাধ্যমে তাদের সৃজনশীলতা, দেশপ্রেম ও অনুভূতি তুলে ধরে। পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রেহানা আক্তার, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন, সিনিয়র সহ-সভাপতি মির্জা মাসুদুর রহমান এবং সহ-সভাপতি পারভিন সুলতানা নিতু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগরের সভাপতি নিয়াজ আহমেদ তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর জীবনের নানা সংগ্রাম ও ত্যাগ নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে।
তিনি বলেন, শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মননশীলতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশ, সমাজ ও মানুষের প্রতি ভালোবাসা তৈরি করে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে এমন আয়োজন তাদের সৃজনশীলতার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের হাতে রং-তুলির মাধ্যমে ফুটে ওঠা প্রতিটি ছবি তাদের স্বপ্ন, কল্পনা ও আগামী দিনের বাংলাদেশের প্রতিচ্ছবি। রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি শিশুদের সৃজনশীল বিকাশে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করা হয় এবং কৃতী প্রতিযোগীদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর উপস্থিত ছিলেন। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন ও উৎসবমুখর মিলনমেলায়।
সোহাগ/ টিআইএস