বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ জনদুর্ভোগের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার নিজেদের ব্যর্থতা ও জনদুর্ভোগ আড়াল করতে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী জনদুর্ভোগ ও সরকারের ব্যর্থতাকে আড়াল করতে বিরোধী দলের ওপর সব দায় চাপাতে গিয়ে অহেতুক বিতর্ক তৈরি করেছেন। সরকারের মূল বিষয়গুলো আড়াল করার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, ১৭ বছর যাদের আপনারা নেতারা খুঁজে পাননি, কারণ তারা মাঠ থেকে খোঁজেননি, বরং টেলিভিশনে খুঁজেছেন। প্রধানমন্ত্রীর মুখ থেকে নতুন করে এমন কথা শুনতে হচ্ছে। লন্ডন থেকে ফিরে এসে তিনি নতুন নজির স্থাপন করেছেন।
জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলকে প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, এই পরিকল্পনা আমরা গত ২১ মে সংসদে ১০ দফা প্রস্তাবের মাধ্যমে দিয়েছিলাম। সেখানে জ্বালানি সংকট সমাধানের বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।
সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ২১ মে দেয়া ১০ দফা প্রস্তাবের কোনটি সরকার এখন পর্যন্ত বাস্তবায়ন করেছে? আমরা কথার চেয়ে কাজের বাস্তবায়ন দেখতে চাই।
বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, হারিকেনের সঙ্গে ফ্যান চলছে-এটা কোনো যুক্তি হতে পারে না। যুক্তি হতে হবে তথ্যভিত্তিক। রাজনৈতিক ব্যঙ্গ দিয়ে গ্যাস, তেল বা বিদ্যুৎ সংকটের সমাধান করা যাবে না। এর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে রাজনৈতিক বক্তব্য বা পরস্পরকে দোষারোপ না করে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
টিআইএস