রাজধানীর সবুজবাগে কালভার্টের ময়লাযুক্ত পানি থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশের ছবি দেখে নিখোঁজ মেয়েকে শনাক্ত করেছেন এক বাবা। পুলিশের মাধ্যমে খণ্ডিত লাশের ছবি দেখে লাশটি নিজের ১৯ বছর বয়সী মেয়ে ফালানি ওরফে সুরাইয়ার বলে নিশ্চিত করেন তার বাবা।
রোববার (১৬ আগস্ট) পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, সুরাইয়া তেমন কোনো কাজ করতেন না। প্রায়ই পরিবারের কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যেতেন এবং বেশিরভাগ সময় বাইরে থাকতেন।
সবুজবাগ থানা পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের প্রায় ৫০ থেকে ৬০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিনের পর দিন পর্যালোচনা করা হয়েছে। তবে এসব ফুটেজ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের একমাত্র ভরসা ছিল উদ্ধার হওয়া লাশের খণ্ডিত ছবি। আঙুলের ছাপের মাধ্যমেও কোনো তথ্য পাওয়া যায়নি।
পরে ওই ছবি নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের কাছে সন্ধান করতে থাকে পুলিশ। একপর্যায়ে ছবিটি দেখে পরিবারের সদস্যদের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহত নারীর লাশের বাকি অংশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের পরিচিত কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
নিহত নারী মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পরিবারের সাথে থাকতেন সবুজবাগ মায়াকানন এলাকায়।
টিআইএস