রাজধানীর আগারগাঁও এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’ ভেঙে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। নিয়মবহির্ভূতভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে এই অভিযান চালানো হয়।
রোববার (১৬ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে হোটেলটি উচ্ছেদ করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, দীর্ঘদিন ধরে আগারগাঁও এলাকার মূল সড়ক ও ফুটপাতে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিজানুর রহমান। এতে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হতো।
ফুটপাত মুক্ত করতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ম্যাজিস্ট্রেট অবৈধ এই হোটেলটি ভেঙে দেন। আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে কাফরুল থানা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা করে।
এর আগে সোমবার (১০ আগস্ট) আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সময় মিজান একটি বোতল দিয়ে পুলিশের সদস্যকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিআইএস