ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদির ছয় বড় ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:১০ পিএম
X

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, বেসামরিক প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর উৎপাদন ও পারমাণবিক জ্বালানি খাত নিয়ে ছয়টি বড় ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মোদি আগামী এক বছরে দেশের ১ কোটি তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগের কথা জানান। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে অনলাইন কোচিং, আধুনিক বেসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ, সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ এবং ২০৪৭ সালের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেন তিনি।

১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ

তরুণদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বড় কর্মসূচি নেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি। তিনি বলেন, আগামী এক বছরে ১ কোটি তরুণকে এআই বিষয়ে দক্ষ করে তুলতে কাজ করবে সরকার। এর মাধ্যমে ভারতের তরুণরা এআই খাতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিনামূল্যে অনলাইন কোচিং

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং চালুর ঘোষণা দিয়েছেন মোদি।

তিনি বলেন, কোচিংয়ের ব্যয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করে। তাই ডিজিটাল অবকাঠামো, দক্ষ শিক্ষক ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তোলা হবে।

মোদি বলেন, এতে কোচিংয়ের পেছনে পরিবারের বিপুল অর্থ ব্যয়ের চাপ কমবে এবং অভিভাবকেরা সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন।

আধুনিক বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা

পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি ও জরুরি সংকট মোকাবিলায় আধুনিক বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সঙ্গে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে যুক্ত করা হবে। একই সঙ্গে সমসাময়িক সংকট মোকাবিলায় সক্ষম একটি বড় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ

ক্রীড়াক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের নিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন মোদি।

তিনি বলেন, ২০৩৬ সালের অলিম্পিকে ভারতের অন্তত তিন-চতুর্থাংশ ইভেন্টে অংশগ্রহণের লক্ষ্য রয়েছে। বর্তমানে অলিম্পিকে প্রায় ৪০টি ক্রীড়া বিভাগে প্রায় ৩৫০টি ইভেন্ট থাকলেও ভারত অনেক ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না।

নতুন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় শিশুদের চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে তাদের ভবিষ্যতে বিশ্বমানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

মোদি আরও বলেন, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারত শক্তিশালী দাবিদার। পাশাপাশি ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

বাড়বে সেমিকন্ডাক্টর উৎপাদন

ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর বিশ্বে সেমিকন্ডাক্টরের গুরুত্ব তুলে ধরে এই খাতে ভারতের স্বনির্ভরতা বাড়ানোর পরিকল্পনা জানান মোদি।

তিনি বলেন, ইলেকট্রনিক পণ্য, চিকিৎসা সরঞ্জাম ও পরিবহন ব্যবস্থাসহ আধুনিক বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে চিপ অপরিহার্য।

মোদি জানান, ভারতে ইতোমধ্যে তিনটি বড় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপিত হয়েছে এবং এসব কারখানা থেকে রপ্তানির জন্য উৎপাদনও শুরু হয়েছে বলে তাকে জানানো হয়েছে।

আগামী ৭ থেকে ৮ বছরে আরও পাঁচ থেকে আটটি সেমিকন্ডাক্টর কারখানা চালু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্য

দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করেছেন মোদি।

তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১০০ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার।

এ ছাড়া চলতি দশকের মধ্যেই পাঁচটি নতুন পারমাণবিক চুল্লি চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। মোদি বলেন, এ বছর ভারত দ্রুত প্রজননশীল পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে সক্ষমতা অর্জন করেছে। তার দাবি, পারমাণবিক জ্বালানিতে ভারতের স্বনির্ভরতার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সূত্র: এনডিটিভি

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝