ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে রাত আড়াইটার দিকে পুলিশ আরাপপুরে নায়েব আলী জোয়ার্দারের বাড়িতে যায়। এ সময় পুলিশ জানায়, শৈলকুপায় ছাত্রলীগের একটি মিছিলের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জেইউ/আরএন