নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানা উল্যাহ সড়ক নির্মাণের দাবিতে হাঁটুপানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন কয়েক শতাধিক এলাকাবাসী।
শুক্রবার সকালে চরপানা উল্যাহ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন সড়কটির দুর্ভোগে থাকা নারী-পুরুষ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক ভুক্তভোগী।
এ সময় তাঁরা হাঁটুপানিতে দাঁড়িয়ে সড়কটি দ্রুত সংস্কার ও নির্মাণের দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে বুকসমান পানি জমে যায়। এতে শিক্ষার্থী, পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সড়কের পাশেই জুলাই যোদ্ধা হাসানের বাড়ি অবস্থিত। সড়কটি হাসানের নামে নির্মাণ করার কথা থাকলেও এখনো এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম, আতিকুর রহমান বাদশা, লোকমান হায়দার, হাসান পাটোয়ারী, মনির হোসেন, মরিয়ম, নুর নবী, নার্গিস, হানিফ মোল্লা, শামীম হোসেন, নুহিন আক্তার, সুফিয়া বেগম, বিবি মহিমাসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা দ্রুত চরপানা উল্যাহ সড়কের উন্নয়নকাজ শুরু করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের দাবি জানান।
আইইউ/আরএন