যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়টি পরিষ্কার করার সময় বস্তুটি দেখতে পান দায়িত্বে থাকা ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান। খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে এসআই ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
এসআই ফজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে বস্তুটি রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’ তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।