অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন কীর্তি গড়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই প্রথম টেস্ট সেঞ্চুরি।
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ১৯৭ বল মোকাবিলা করে ৮টি চার ও একটি ছক্কায় ১০১ রান করেন তানজিদ। বিশ্বমানের পেস আক্রমণ মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হেজেলউডের পাশাপাশি স্পিনার নাথান লায়নের বিপক্ষেও দারুণ ধৈর্য দেখান তিনি।
আগ্রাসী ব্যাটার হিসেবে পরিচিত তানজিদ এদিন খেলেছেন দলের প্রয়োজন অনুযায়ী। অযথা ঝুঁকি না নিয়ে ভালো বল ছেড়ে দিয়েছেন এবং অপেক্ষা করেছেন নিজের বলের জন্য। বোলাররা বারবার পরিকল্পনা বদলালেও নিজের ছন্দ ধরে রাখেন এই ওপেনার।
সেঞ্চুরির পর তানজিদ জানান, দলের চাহিদা অনুযায়ী খেলাই ছিল তার মূল লক্ষ্য। বলের মেধা অনুযায়ী খেলে যতটা সম্ভব স্থির থাকার চেষ্টা করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আগের একমাত্র টেস্ট সেঞ্চুরি ছিল শাহরিয়ার নাফিসের। ২০০৬ সালে ফতুল্লায় সেই কীর্তি গড়েছিলেন নাফিস। প্রায় দুই দশক পর তার পাশে নাম লেখালেন তানজিদ। তবে তানজিদের কীর্তি আরও বিশেষ- সেঞ্চুরিটি এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে।
ডারউইনের উইকেট নিয়েও ইতিবাচক তানজিদ। তার মতে, প্রথম দিনের তুলনায় উইকেট এখন ব্যাটিংয়ের জন্য আরও ভালো। তাই সামনে বড় সংগ্রহ গড়ার সুযোগ দেখছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অপেক্ষা এখনো শেষ হয়নি। তবে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি এবং প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ডারউইন টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ।
-টিএস