যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে শৌচাগারের পাশে বিশেষ পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়।
বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজু স্টেশন তৈরি করা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। ব্যক্তিগত অর্থায়নে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের নথিতে বলা হয়েছে, সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে মেঝে ভিজে যাওয়া এবং বেসিন ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যা এড়াতেই নিচু উচ্চতার বিশেষ অজু স্টেশন স্থাপন করা হচ্ছে। অজুর জন্য এমন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরেও রয়েছে। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম।
তবে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর ব্যবস্থা এবারই প্রথম নয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টার্মিনাল ডি-এর গেট ডি৪০-এর কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল চালুর সময় ২০১৯ সালে সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল।
ইসলামে নামাজের আগে অজু করা গুরুত্বপূর্ণ বিধান। অজুর সময় শরীরের নির্দিষ্ট অংশ পানি দিয়ে ধুতে হয়। সাধারণ রেস্টরুমের তুলনামূলক উঁচু বেসিনে পা ধোয়া অনেকের জন্য অসুবিধাজনক হওয়ায় বিশেষভাবে তৈরি নিচু অজু স্টেশন মুসলিম যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে।
-টিএস