স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে নির্মাণের আড়াই বছর পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এর মধ্য দিয়ে দীর্ঘদিন কার্যক্রমবিহীন থাকা কমপ্লেক্সটিতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া কার্যক্রমের সূচনা হলো।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, প্রশিক্ষণার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলওয়ারা বেগম। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ আলমও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে নির্মাণকাজ শেষ হওয়ার পরও কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। নানা উদ্যোগ ও প্রচেষ্টার মাধ্যমে অবশেষে এর কার্যক্রম চালু করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে অর্থসংকটের কারণে এই প্রতিষ্ঠানের কার্যক্রম আর বন্ধ হবে না। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের সহযোগিতায় কমপ্লেক্সটি সচল রাখা হবে।
তিনি আরও বলেন, স্কেটিংকে লক্ষ্য হিসেবে নিয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রংপুর বিভাগকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে হবে। একই সঙ্গে সুস্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনের পর প্রশিক্ষণার্থীরা রোলার স্কেটিং, প্রি-স্কেটিংসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রথমবারের মতো এমন প্রশিক্ষণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে রংপুর নগরীর ১০ একর জমির ওপর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হয়। ২০২৩ সালে নির্মাণকাজ শেষ হলেও অবকাঠামোটি এতদিন কার্যক্রমের বাইরে ছিল। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় আড়াই বছর পর স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
এলওয়াই/আরএন