মাদক মামলায় খুলনার একটি আদালত দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সদর থানা এলাকার আলতাপোল লেনের নাসির দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া মৌজে আলী খাঁর ছেলে সিরাজ খাঁ এবং পুলিশ লাইন পশ্চিম গলির পিন্টুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল মান্নান হাওলাদারের ছেলে হারুন অর রশিদ। দণ্ডপ্রাপ্ত দুই আসামি রায়ের আগাম খবর পেয়ে আদালত চত্বর থেকে পালিয়ে যান।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৯ এপ্রিল ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই মাদক কারবারি মিষ্টির প্যাকেটে ফেনসিডিল নিয়ে জেলখানা ঘাট পার হচ্ছেন। এ সংবাদ পেয়ে পুলিশ সেনের বাজারে অবস্থান নেয়।
ভোর ৫টা ২০ মিনিটের দিকে ঘাট থেকে পার হয়ে আসা দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের হাতে থাকা নেটের ব্যাগে ঝোলানো মিষ্টির প্যাকেট তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ওই দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
একই বছরের ২৫ জুন মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. লায়েকুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সিরাজ খাঁ ও হারুন অর রশিদের নাম উল্লেখ করা হয়।
এসএস/আরএন