বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।
একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সজ্জন, অভিজ্ঞ, প্রাজ্ঞ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মোস্তফা জামাল হায়দার বলেন, গত প্রায় ১৫ বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা, মামলা-হামলা, রাজনৈতিক চাপ ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল শুধু দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেননি, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় এবং বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মোস্তফা জামাল হায়দার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে একজন অভিজ্ঞ রাজনীতিবিদের দূরদর্শিতার পাশাপাশি একজন শিক্ষিত ও সংস্কৃতিমনা মানুষের মানবিক মূল্যবোধ রয়েছে। দেশের সংকটময় সময়ে তার বক্তব্যে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের অধিকার, সহনশীলতা ও জাতীয় ঐক্যের বিষয়গুলো সবসময় গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথের ওপর আস্থা রেখেছেন।
জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি। এ পদে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সব নাগরিকের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালন করতে পারবেন। মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংবিধানিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, শালীন রাজনৈতিক সংস্কৃতির প্রতি অঙ্গীকার এবং মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে এ দায়িত্ব পালনের জন্য যোগ্য করে তুলেছে।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন।
এ সিদ্ধান্তের জন্য তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান মোস্তফা জামাল হায়দার।
জেবি/এসএ