ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কে হচ্ছেন ভারপ্রাপ্ত মহাসচিব, এলজিআরডি মন্ত্রী ও এমপি?
✎ জাহিদ বিপ্লব
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:০৯ পিএম আপডেট: ১২.০৮.২০২৬ ৮:১২ পিএম
X

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সম্ভাবনাকে কেন্দ্র করে দল ও সরকারে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন এবং তাঁর ছেড়ে দেওয়া সংসদীয় আসনে কে প্রার্থী হবেন-এসব প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দলীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অথবা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ভারপ্রাপ্ত মহাসচিব পদে সালাহউদ্দিন-রিজভীর নাম

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদটি শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন মহাসচিব নির্বাচনের জন্য জাতীয় কাউন্সিল প্রয়োজন হওয়ায় কাউন্সিলের আগ পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কাউকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা রয়েছে।

এ ক্ষেত্রে সালাহউদ্দিন আহমদ ও রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। দলের সাংগঠনিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা এবং কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের কারণে দুজনকেই সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে, সাংগঠনিক বিবেচনায় রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার সম্ভাবনা প্রবল বলছেন দলটির নেতাকর্মীরা।

তবে দলীয় সূত্র বলছে, শেষ পর্যন্ত কে দায়িত্ব পাবেন, তা বিএনপির শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।

এলজিআরডি মন্ত্রণালয়ে আসতে পারেন সালাহউদ্দিন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে মন্ত্রিসভায় তাঁর থাকা সম্ভব হবে না। ফলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রয়োজন হবে।

বিভিন্ন প্রতিবেদনে এ মন্ত্রণালয়ের দায়িত্বের জন্যও সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় এসেছে। তবে তিনি একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন কি না, সেটি এখনো পরিষ্কার নয়।
দলীয় ও সরকারি পর্যায়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নির্ভর করবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।

ফখরুলের আসনে কে?

রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলকে সংসদ সদস্য পদ ছাড়তে হতে পারে। সে ক্ষেত্রে তাঁর সংসদীয় আসনটি শূন্য হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সময়ে সেখানে নতুন প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হবে।

এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের মেয়ে মির্জা সামারুহু ও তাঁর ভাই মির্জা ফয়সালের নামও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। তবে তাঁদের কারও প্রার্থিতা নিয়ে এখন পর্যন্ত দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সিদ্ধান্ত তারেক রহমানের হাতেই

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি পদে প্রার্থিতা চূড়ান্ত হলে বিএনপির সাংগঠনিক কাঠামো, মন্ত্রিসভা এবং সংসদীয় রাজনীতিতে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ এসব পদে কারা আসবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানই নেবেন বলে দলীয় সূত্রগুলো মনে করছে।
বিশেষ করে ভারপ্রাপ্ত মহাসচিব পদটি দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ পদে অভিজ্ঞ এবং দলের শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন কাউকেই বেছে নেওয়া হতে পারে।

তবে এখন পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব, এলজিআরডি মন্ত্রী কিংবা মির্জা ফখরুলের সংসদীয় আসনে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। ফলে সালাহউদ্দিন আহমদ, রুহুল কবির রিজভী, মির্জা সামারুহু ও মির্জা ফয়সালকে ঘিরে যে আলোচনা চলছে, সেগুলোকে আপাতত সম্ভাব্যতা ও দলীয় পর্যায়ের আলোচনা হিসেবেই দেখা হচ্ছে।

বিএনপির নেতারা যা বলছেন

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ডেইলি অবজারভারকে বলেন, “দল যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি, তাই এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে পারব না।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডেইলি অবজারভারকে বলেন, “এসব বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান। তিনি দল ও দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন, আমরা তাই মেনে নেব।”

রাষ্ট্রপতি নির্বাচন এবং মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই বিএনপির সাংগঠনিক নেতৃত্ব, মন্ত্রিসভা ও সংসদীয় আসনে সম্ভাব্য পরিবর্তনের চিত্র আরও স্পষ্ট হবে।

টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝