ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে একটি বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বোমাসদৃশ বস্তু উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৩৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ভবনটি থেকে চারটি বোমাসদৃশ বস্তু ও বিপুল পরিমাণ ককটেলসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার আব্দুল জলিলের মালিকানাধীন ওই বাড়িতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও সাভার মডেল থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আটক যুবকের নাম আরিফ হোসেন (২৫)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি সদস্যরা ভবনটি ঘিরে ফেলে। পরবর্তীতে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে যোগ দেয়। তল্লাশির একপর্যায়ে ঘর থেকে শক্তিশালী চারটি বোমাসদৃশ বস্তু, বেশ কিছু ককটেল ও বিস্ফোরক তৈরির নানা উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলো বিপজ্জনক কি না, তা পরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ ব্যবস্থায় সরিয়ে নিয়েছে।

নিরাপত্তার স্বার্থে অভিযানের শুরুতে মাইকিং করে ওই ভবনের আশপাশের অন্তত ২০টি বাড়ির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে এলাকাটি কর্ডন করে রাখা হয়।

রাত সাড়ে ১০টার দিকে সিটিটিসি সদস্যরা আটক আরিফ হোসেনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাৎক্ষণিকভাবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তবে ইউনিটের এক সদস্য জানান, আরিফকে নিয়ে তারা পরবর্তী অভিযানে যাচ্ছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। জেএমবি সংশ্লিষ্টতার দায়ে একজনকে আটক ও বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীগুলো সিটিটিসির বিশেষজ্ঞরা নিয়ে গেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় এই শ্যামপুর এলাকার বাড়িটিতে অভিযান চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝