পার্বত্য অঞ্চল ও পাহাড়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের স্বার্থে এবং পার্বত্য এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের তৎপরতা দৃঢ়ভাবে মোকাবিলায় সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটির অযৌক্তিকতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল ধারাবাহিকভাবে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও পার্বত্য এলাকার নিরাপত্তা রক্ষায় সবাইকে এ ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো অপতৎপরতা মোকাবিলায় জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, ‘আদিবাসী’ শব্দের ব্যবহার নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে কোনো ধরনের ‘পাতানো ফাঁদে’ পা দেওয়া যাবে না। পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার ও স্বাধিকার রক্ষার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় তাদের সমানভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় আয়োজিত গোলটেবিল বৈঠকে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪০ জন বরেণ্য বক্তা তাদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।
আরএন