ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পুত্রবধূকে চড়, বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা ছেলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে শাহজাহান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মো. শওকত পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শাহজাহান উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী নিদা গাজী বাড়ির নুরুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) রাতে পরিবারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে শাহজাহানের মেয়ে এবং ছেলে শওকতের স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। ঝগড়া থামাতে শাহজাহান তার মেয়েকে শাসন করার জন্য চড়-থাপ্পড় দেন। এ সময় একটি চড় শওকতের স্ত্রীর গায়েও লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ওমান ফেরত প্রবাসী শওকত একটি গাছের লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। লাঠির আঘাতে শাহজাহান সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় রাত ২টার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে বাবার ওপর চড়াও হন ছেলে। লাঠির আঘাতে গুরুতর আহত শাহজাহান হাসপাতালে মারা গেছেন।

রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝