জামালপুরের দেওয়ানগঞ্জে ইঞ্জিনচালিত নসিমনের চাপায় ছাইদুর রহমান সুজন (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের জামিরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের বাহেরচর গ্রামের সামছুল হক মিয়ার ছেলে। তিনি খরমা এলাকায় একটি রাইস মিলে কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে সাইকেল চালিয়ে খরমা এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন সুজন। পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এলএইচ/আরএন