সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে তিনি একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাকিব আল হাসান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় উনি নিরাপত্তাহীন থাকবেন? আপনি তো জবাবটা দিন।’
এরপর সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইনড হয় এবং এখনও অ্যালাইনড থাকেন, ৫ তারিখেও তো তার বক্তব্য এসেছে।’
সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার তাকে নিরাপত্তা দেবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘উনি বাংলাদেশে আসবেন মামলা ফেস করার জন্য, আইন ফেস করার জন্য, বিচার ফেস করার জন্য। উনি এয়ারপোর্টে নামলে কি লোকজন মব করে তার কিছু করে ফেলবে? উনি কি সেটা মনে করেন? আমরা কেউ মনে করি? নো ওয়ে!’
তিনি আরও বলেন, ‘উনি আসবেন এবং নিরাপত্তার মাধ্যমেই উনার বিরুদ্ধে থাকা অভিযোগের মুখোমুখি হবেন। আইনগত যেসব বিষয় আছে, সব মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা আমি দেখি না।’
সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘এই প্রত্যেকটা কথা আসলে আমাদের এই সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা। যে মানুষটা এখনও হাসিনার সঙ্গে অ্যালাইনড হয়ে কথা বলে, সেগুলো বলবে। উই ডোন্ট কেয়ার।’
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন বিচারালয়ে আসবেন। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন এবং বিচারিক প্রক্রিয়ায় যে অধিকারগুলো পাওয়ার, সেগুলো ভোগ করবেন। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব।’
দেশে আর কোনো ‘মাফিয়া রেজিম’ দেখতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না।’
তিনি আরও বলেন, ‘এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সবচেয়ে বীভৎস অপরাধীও তার নাগরিক অধিকার ও সাংবিধানিক অধিকার যা যা পাওয়ার, সেটা পাবেন। সেটা সাকিব আল হাসান হোক, সেটা হাসিনা হোক- তারা পাবেন। দ্যাটস ফর সিওর।’
-টিএস