সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার দুপুরে ঈশ্বরদী জংশন স্টেশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং রেলওয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট (এসএস) এস এম মনিরুজ্জামান, ঈশ্বরদী গার্ডস কাউন্সিলের সভাপতি জিয়া উদ্দিন, ট্রেন পরিচালক জুলহাস উদ্দিন, সাইফুল ইসলাম রাজিব, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) মামুন মিয়া, রেলওয়ে কর্মচারী শাহিন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ইদানীং কিছু ট্রেনযাত্রী টিকিট না কেটে জোরপূর্বক ট্রেনে ভ্রমণ করছেন। নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না। কেউ কেউ আবার এসি সিটে বসে থাকেন। এ অবস্থায় কর্তব্যরত রেল কর্মকর্তা জরিমানাসহ ভাড়া আদায় করতে গেলে যাত্রীরা তাদের ওপর চড়াও হয়ে হামলা চালিয়ে আহত করছেন। প্রতিবাদ করলেও তারা হামলা ও মারধর করছেন।
তারা আরও বলেন, “আমরা রাষ্ট্রের রাজস্ব আয় ও যাত্রীসেবার কাজ করছি। কিন্তু আমাদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব ঘটনার দ্রুত বিচার দাবি করছি।”
এদিকে, একই সময়ে পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরে রেলওয়ে কর্মচারীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেন শ্রমিক দল ও রেলওয়ে পোষ্য কোটা, পাকশী শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি ট্রেনে বিনা টিকিটের যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করাকে কেন্দ্র করে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ আহছান উল্লা ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এ ঘটনায় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে পাকশী বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা মোসা. হাসিনা খাতুন বলেন, “ট্রেনে সরকারি দায়িত্ব পালনের সময় রাজশাহী স্টেশনে প্রধান বাণিজ্যিক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছেন। স্যারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।”
পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) মো. মেহেদী হাসান জানান, বিনা টিকিটের কয়েকজন যাত্রীর হামলায় আহত পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ আহছান উল্লা ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে রাজশাহী রেল থানায় মামলা করেছেন। আশা করছি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
এমএইচ/আরএন