জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একে এম সামিউল হক (২৭) নামে এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোরে সদর উপজেলার লাহিড়িকান্দি বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত একে এম সামিউল হক জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার একে এম ফজলুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে জামালপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা বিচারক ঘটনাস্থলেই মারা যান। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
টিআইএস