ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয়টি ৯২ রানে জিতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে আফগানিস্তান। তাদের এই ফলাফল ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফায়ার খেলার দ্বারপ্রান্তে ফেলে দিয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র বলছে, বর্তমান আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইতোমধ্যে টুর্নামেন্টের জন্য ‘অনানুষ্ঠানিকভাবে যোগ্যতা’ অর্জন করেছে বাংলাদেশ। 

দুই স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের সেরা আটটি দল বিশ্বকাপে খেলবে। আইসিসির বর্তমান র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা থাকায় ৩০ সেপ্টেম্বরের কাট-অফ ডেটের পর নবম র‌্যাঙ্কিংধারী দলও সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করবে। বাংলাদেশ বর্তমানে নয় নম্বরে।

কাট-অফ ডেটের আগে ওয়েস্ট ইন্ডিজের আরও দুটি ওয়ানডে রয়েছে। ভারত সফরে তারা তিন ম্যাচের সিরিজ খেলবে, যার দুটি হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ভারতের মাটিতে প্রথম দুটি ওয়ানডে জিতলেও তাদের পক্ষে বাংলাদেশকে পেছনে ফেলা যথেষ্ট হবে না।

ওয়েস্ট ইন্ডিজ ৭৭ পয়েন্ট নিয়ে বর্তমান র‌্যাঙ্কিংয়ের দশে। বাংলাদেশ ৮৩ ও আফগানিস্তান ৯০ পয়েন্ট। বিসিবির এক কর্মকর্তা বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ব্যবধান ৬ পয়েন্টের। সূচি অনুযায়ী, কাট-অফ ডেটের আগে ওয়েস্ট ইন্ডিজের দুটি ম্যাচ আছে এবং আমাদের (ভারতের বিপক্ষে) তিন ওয়ানডে আছে। ওই দুই ম্যাচ থেকে ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ চার পয়েন্ট পেতে পারে। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা পার পেয়ে গেছি।’

বাংলাদেশের ভারতের সঙ্গে তিনটি ওয়ানডে খেলার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। যদিও এই সাদা বলের সিরিজের ভাগ্য অনিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, ‘এই সিরিজ আয়োজনের ইচ্ছা আমাদের সবার আছে। কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

কাট-অফ ডেটের আগে যদি ভারত সিরিজ হয়, তাহলে বাংলাদেশ কিছু পয়েন্ট হারাতে পারে। কারণ ভারত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল। তবে ওয়েস্ট ইন্ডিজের পেছনে তারা পড়বে না বলেই ধারণা করা হচ্ছে।

অবশ্য আয়ারল্যান্ড যদি তাদের চলমান পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ বা ৫-০ তে জিতত, তাহলে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজ সেরা নয়ে থেকে বিশ্বকাপের টিকিট পেত। কিন্তু প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর আফগানিস্তান দ্বিতীয় ম্যাচ জেতায় ওয়েস্ট ইন্ডিজের কোয়ালিফায়ারে খেলা প্রায় নিশ্চিত।

ওয়েস্ট ইন্ডিজ শেষ দুইবারই ৫০ ওভারের বিশ্বকাপে সরাসরি উঠতে পারেনি। ২০১৯ সালে তারা বাছাই খেলে মূল পর্ব নিশ্চিত করলেও ২০২৩ সালে ছিটকে যায় বাছাই পর্ব থেকেই।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝