গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টা থেকে কয়েক হাজার শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
এতে সড়কের দুপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের চাপায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত নিহত হয়। ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এর প্রতিবাদে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় ব্যানার ও স্লোগানের মাধ্যমে মাদ্রাসার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। আমাদের একটি ফুটওভার ব্রিজ জরুরি। গতকাল রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।
টিকে/এসএফ