সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী।
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১০ যাত্রী।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এবি/আরএন