পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. কাজী আল তারেককে একাধিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, পঞ্চগড় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। কাজী আল তারেক পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার বাসিন্দা এবং সাবেক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলাও রয়েছে। মামলাগুলোতে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পরিকল্পিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পঞ্চগড়ে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, “কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর ভিত্তিতে তাকে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ আরও জানিয়েছে, বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এসআই/আরএন