ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরম ভোগান্তিতে যাত্রীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ৩০ কিলোমিটার যানজট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ২:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে শুক্রবার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে চরম দুর্ভোগে দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ঢাকা গামী রোগীরা ।‌

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুমিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আমতলী বিশ্বরোড এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের চলমান সড়ক সংস্কারকাজের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

যানজট এড়াতে অনেক যানবাহন বিকল্প পথ ব্যবহার করছে। শত শত বাস ও অন্যান্য যানবাহন পুরাতন সড়ক দিয়ে চৌয়ারা-গোমতী হয়ে আমতলী বিশ্বরোডের মাধ্যমে পুনরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠছে। এতে বিকল্প সড়কগুলোতেও যানবাহনের চাপ বেড়ে গেছে।

শুক্রবার ভোরবেলা থেকে সৃষ্টি হওয়া যানজটটি দুপুর পর্যন্ত চৌদ্দগ্রাম পর্যন্ত ছাড়িয়ে গেছে । গত কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় যানজট ।

মূলত ক্যান্টনমেন্ট এলাকার এক কিলোমিটার পূর্ব দিকে আমতলী বিশ্বরোড এলাকায় গত কয়েক দিনের বৃষ্টির কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । এসব গর্ত মেরামত করছে সড়ক ও জনপদ বিভাগ । যার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

চট্টগ্রাম থেকে ঢাকার পথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় প্রায় দুই ঘণ্টা ধরে আটকে আছেন ব্যবসায়ী আরিফুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শুক্রবার ছুটির দিনেও যদি মহাসড়কে এমন যানজট থাকে, তাহলে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কি না, তা খতিয়ে দেখা উচিত।’

একইভাবে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ৪০ জন যাত্রী নিয়ে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় দুই ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন বাসচালক সোহেল রানা। তিনি বলেন, ‘সকাল নয়টা থেকে এগারোটি পর্যন্ত এক জায়গায় আটকে আছি। যাত্রীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। আমতলী বিশ্বরোড এলাকায় গত দুই বছর ধরে সড়ক সংস্কারের কাজ চলছে। দেড় কিলোমিটারের একটি রাস্তা সংস্কার করতে এত দীর্ঘ সময় লাগার বিষয়টি সত্যিই প্রশ্নের জন্ম দেয়।’

নোয়াখালী থেকে রোগী নিয়ে ঢাকা মেডিকেলে যাওয়ার পথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক ঘণ্টা একই স্থানে আটকে আছেন অ্যাম্বুলেন্স চালক শরিফুল ইসলাম ।

তিনি বলেন, রোগী নিয়ে ঢাকায় যাব কিন্তু এমনভাবে যানজট সৃষ্টি হয়েছে কূলকিনারা পাচ্ছি না । রোগীর স্বজনরা কান্নাকাটি করছে । পুলিশের সঙ্গে কয়েকবার কথা বলেছি । ওনারা বলছেন, মহাসড়কে কাজ চলছে যার কারণে তীব্র যানজট ।

এ বিষয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আমতলী এলাকায় সড়ক ও জনপদ বিভাগের সংস্কারকাজ চলমান থাকায় যানবাহনের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা যানজট নিরসনে কাজ করছি, তবে সামনের দিকে যানবাহন চলাচল ধীরগতির হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে।’

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝