বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি বলেছেন, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। আগামী দিনেও কোনো ফ্যাসিস্টের সঙ্গে বিএনপি আপস করবে না। ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গেও বিএনপি আপস করবে না।
তিনি বলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জুলাই বিপ্লবেও সর্বাগ্রে বেগম খালেদা জিয়াকে স্বীকৃতি দিতে হবে। তাঁর নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিস্টদের পতন হয়েছে। বিগত দিনে বিএনপির ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি হয়েছেন। ৭ হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। নারায়ণগঞ্জে শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি।
জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ আরও অনেকে।
নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ১৫ দিনের কোনো আন্দোলন নয়। এটি ফ্যাসিস্ট, খুনি ও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছরের আন্দোলনের ফসল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের শেষ পর্ব। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের কথা বলে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ইতিহাসকে নিঃশেষ করা যাবে না।
তিনি আরও বলেন, আসুন, একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা না করে সব ভেদাভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান বলেন, ১৬ বছর ধরে যেসব বিএনপি নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন করা হয়নি। আজ ৫ আগস্টের পর যারা সক্রিয় হয়েছেন, তাদের অর্থের বিনিময়ে মূল্যায়ন করার কারণে শিবিরের কাছে ছাত্রদল মার খাচ্ছে।
এসএস/আরএন