সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে সিয়াম (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে জেলার বেলকুচি উপজেলার চরসমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম চরসমেশপুর গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। তিনি চলতি বছর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর জানান, সিয়াম বুধবার সকাল ৯টার দিকে নিজেদের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবি/আরএন