যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে শার্শার দক্ষিণ বুরুজ বাগান মাদকপল্লি এলাকায় তার নিজ বসতঘরে এ অভিযান চালানো হয়।
আটক আম্বিয়া খাতুন দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রিকশাভ্যানচালক আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি দল শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাদকপল্লি হিসেবে পরিচিত এলাকায় আম্বিয়া খাতুনের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের ঘটনায় জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ওয়াইআর/আরএন