স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানে এমন একটি সংশোধনী আনা হবে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এ লক্ষ্যে সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে সুপারিশ প্রণয়ন করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সংবিধানে আমরা গ্রহণযোগ্য একটি সংশোধনী আনতে চাই। জনপ্রত্যাশা আমরা ধারণ করতে চাই। সবার সঙ্গে আলাপ-আলোচনা করে সেই প্রতিবেদন প্রণয়ন করতে চাই।’
বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে পাঁচ সদস্যের নাম এখনো পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, আশা করা হচ্ছে তারা বিষয়টি অনুধাবন করে পরবর্তীতে তাদের প্রতিনিধি মনোনয়ন দেবেন। তখন তাদের সঙ্গেও আলোচনা করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল প্রতিনিধি না দিলেও সংসদে থাকা সব বিরোধী দলের মতামত গ্রহণ করা হবে। তারা চাইলে কমিটির বৈঠকে এসে কিংবা বৈঠকের বাইরে লিখিত আকারে তাদের পরামর্শ দিতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সবসময় বিরোধী দলকে স্বাগত জানাবো।” কমিটির কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কমিটির সামনে কোনো চ্যালেঞ্জ নেই, বরং প্রত্যাশা আছে। আমরা সবার সঙ্গে আলোচনা করতে চাই। আমরা উদার ও উন্মুক্ত। সবার কথা শুনবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এত বড় একটি ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। জাতির প্রত্যাশা অনেক, শহীদদেরও আকাঙ্ক্ষা ছিল। সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে।’
-টিএস