বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জামিল শেখ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যান। এ সময় প্রতিপক্ষের শাকিল (২২) নামে এক যুবক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি লাথি, কিল-ঘুষি মারেন। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/আরএন