অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচার চালানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগকে কেন্দ্র করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালানোর চেষ্টা করছে। বিভাগ এ ধরনের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো সমাধান করেছে। ফলে এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
প্রেস রিলিজে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।