লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে টোল বা শুল্ক আদায়ের গুঞ্জন নাকচ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, বাব এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং এ নৌপথ আগের মতোই উন্মুক্ত রয়েছে।
শনিবার (১ আগস্ট) জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হুথি-পরিচালিত সামুদ্রিক সমন্বয়কারী সংস্থা স্পষ্টভাবে জানিয়েছে, বাব এল-মান্দেব প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের ওপর শুল্ক আরোপের কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে পরিপ্রেক্ষিতে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে।
গত সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে হুথিরা। এরপর বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি বা শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই মাসে তেহরান সফরকালে হুথি কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এ ধরনের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। তবে এটি বাস্তবায়নের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এদিকে হুথি-পরিচালিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র (এইচওসিসি) জানিয়েছে, তাদের নিরাপদ পরিবহন পরিষেবা একটি স্বেচ্ছামূলক উদ্যোগ এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হচ্ছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বাব এল-মান্দেব প্রণালি পারাপারের বিনিময়ে অর্থ দাবি করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইয়েমেন প্রজাতন্ত্র বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না। একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ বা তথ্য প্রদান না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্র: জেরুজালেম পোস্ট।