ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইতালিতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৫৫ এএম আপডেট: ০১.০৮.২০২৬ ১০:২৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর নেপলস ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে (১৯:৪৬) হওয়া এ ভূমিকম্পে নেপলসসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গা ও রাস্তায় আশ্রয় নেন।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজি (আইএনজিভি)-এর অধীন ভিসুভিয়ান অবজারভেটরির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোজ্জুওলির সলফাতারা এলাকার কাছে অবস্থিত বহুল আলোচিত ক্যাম্পি ফ্লেগ্রেই অঞ্চলে। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় এর কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।


ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকায় সাময়িকভাবে ট্রেন ও স্থানীয় গণপরিবহন চলাচল বন্ধ রেখে রেললাইন ও অন্যান্য অবকাঠামো পরীক্ষা করা হয়েছে।

ভূতাত্ত্বিকদের মতে, ক্যাম্পি ফ্লেগ্রেই বিশ্বের অন্যতম সক্রিয় সুপারভলকানো অঞ্চল। দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ গ্যাসের চাপ এবং ভূ-অভ্যন্তরের পরিবর্তনের কারণে সেখানে ‘ব্র্যাডিসিজম’ বা ভূমির ধীরে ধীরে ওঠানামার প্রক্রিয়া চলছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বেড়েছে।

ভিসুভিয়ান অবজারভেটরির গবেষকরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে সম্ভাব্য আফটারশক বা পরবর্তী মৃদু ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝