নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট ইচ্ছার প্রতি সাড়া দিয়ে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্মৃতির মায়ের হাতে একটি মোবাইল ফোন ও নগদ অর্থসহায়তা তুলে দেওয়ার পাশাপাশি তাঁর জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।
শুক্রবার মিরপুরে প্রতিমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, স্মৃতি কিসকুর পরিবারের আর্থিক অবস্থা বিবেচনায় তাঁর মায়ের জন্য একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে, যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্মৃতি ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য এনে দেবে।
সম্প্রতি নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর স্মৃতি গণমাধ্যমকে জানিয়েছিল, মায়ের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোন কিনতে চায়। সেই আকুতির প্রেক্ষিতেই প্রতিমন্ত্রী তাঁর পরিবারের পাশে দাঁড়ান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত সব খুদে ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও তাঁদের অভিভাবকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে প্রধানমন্ত্রীর সময়সূচি অনুযায়ী নৈশভোজের আয়োজন করা হবে।
-জেবি/টিএস