মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, সারাদেশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো চিহ্নিত করে সেগুলোর ইতিহাস সংরক্ষণ ও স্মৃতিচিহ্ন নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ফুলহার গ্রামে ধলেশ্বরী নদীর তীরে মুক্তিযুদ্ধের একটি সম্মুখ সমরের স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যুদ্ধের ঘটনাবলি জেনে মন্ত্রণালয় এসব স্থান লিপিবদ্ধ, নথিভুক্ত এবং প্রয়োজনীয় স্থাপনা বা স্মৃতিস্তম্ভ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে।
তিনি বলেন, সৈয়দপুরে তিনটি সম্মুখ সমরের স্থানের তথ্য পাওয়া গেছে, যার একটি ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।
সৈয়দপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার দেশের সব মুক্তিযুদ্ধবিজড়িত স্থান সংরক্ষণে সমান গুরুত্ব দেবে। তবে সৈয়দপুর তাঁর পূর্বপুরুষের নিবাস হওয়ায় এ এলাকার সঙ্গে তাঁর ব্যক্তিগত আবেগের সম্পর্ক রয়েছে। তাঁর বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধে যোগ দিতে ধলেশ্বরী নদী সাঁতরে পার হওয়ার স্মৃতিও পরিবারের সঙ্গে জড়িয়ে আছে।
তিনি বলেন, ব্যক্তিগত আবেগ থাকলেও প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমানভাবে কাজ করে যাবেন।
-জেবি/টিএস