প্রায় দুই দশক পর আবারও কলকাতায় ফিরেছেন লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার (৩১ জুলাই) দিল্লি থেকে কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি।
সাদা-লালপাড় শাড়ি পরে বিমানবন্দরে নেমেই আবেগ প্রকাশ করেন তসলিমা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বন্ধু, অনুরাগী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নিরাপত্তার অংশ হিসেবে বিমানবন্দরে নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।
'সেকুলার মিশন', 'হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন (এইচআরবিএফএফ)' এবং 'পশ্চিমবঙ্গের জন্য'-এই তিন সংগঠনের আমন্ত্রণে কলকাতায় গেছেন তিনি। শনিবার (১ আগস্ট) রবীন্দ্রসদনে আয়োজিত একটি মৌলবাদবিরোধী সাহিত্যিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
উল্লেখ্য, ২০০৭ সালে তার বই 'দ্বিখণ্ডিত' প্রকাশকে কেন্দ্র করে কলকাতায় উত্তেজনা সৃষ্টি হলে নিরাপত্তাজনিত কারণে তাকে শহর ছাড়তে হয়। এরপর প্রায় দুই দশক পর আবারও কলকাতায় ফিরলেন এই আলোচিত লেখিকা।
-টিএস