দেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীকাল শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে নতুন যানবাহনের নিবন্ধন এবং ফিটনেস সনদ প্রদান বা নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণ এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে নতুন নিবন্ধন বা ফিটনেস সনদ দেওয়া কিংবা নবায়ন করা হবে না।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা। তবে পরিবহন মালিকরা বলছেন, প্রথম দিন থেকেই সব যানবাহনে জিপিএস শতভাগ কার্যকর করা সম্ভব হবে না, এজন্য কিছু সময় প্রয়োজন।
এদিকে, বিআরটিএ জানিয়েছে, জিপিএস সংযুক্ত রয়েছে কি না তা যাচাইয়ের জন্য নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থাও চালু করা হচ্ছে। অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির পাশাপাশি কার্যকর তদারকি, স্বচ্ছতা, জবাবদিহি ও দীর্ঘমেয়াদি সংস্কার নিশ্চিত করা গেলে সড়ক ব্যবস্থাপনায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।