কয়েক দিনের টানা ভারি বর্ষণে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের একতা বাজারের প্রধান প্রবেশপথে প্রায় ৩০ মিটার পাকা সড়ক ধসে পড়েছে। এতে যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সংস্কার করে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, একতা বাজারটি কালুয়া, কিং ছিনাই, জয়কুমর, চতুর্ভুজ, বুদারু, বিদ্যাবাগিশ, ছিনাইহাটসহ কুড়িগ্রাম ও পাশের লালমনিরহাট জেলার মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচার গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম হয় এই বাজারে। তবে প্রবেশপথের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ব্যবসায়ীদের।
জয়কুমর এলাকার আব্দুর সালাম ও ইব্রাহিম, কিং ছিনাই এলাকার বাবলু কাদের ও মানিক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটিতে সমস্যা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, সড়কটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কোনো উদ্যোগ নিচ্ছে না।
তারা আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি।
বাজার কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিজেদের উদ্যোগে এবং এলাকাবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে কয়েকবার সড়কটি সংস্কারের চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থায়ীভাবে সংস্কার না হওয়ায় কিছুদিন পর আবারও সড়কটি ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা এরশাদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচনের আগে উন্নয়নের অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের পর আজ পর্যন্ত কেউ এই সমস্যার সমাধানে এগিয়ে আসেননি।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য খালিদ হাসান বলেন, “সড়কটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় থাকায় এলজিইডি বিষয়টি আমলে নিচ্ছে না। ফলে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকেও জানানো হয়েছে।”
স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা হোক।
পিএম/আরএন