বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমরা গত বছর টিকিট প্রতি খরচ ১২ হাজার টাকা কমাতে সক্ষম হয়েছিলাম। এ বছর আমরা টিকিট প্রতি খরচ আরো ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ হতে সৌদি সরকারকে বিমান টিকেটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এ যাত্রায় বাংলাদেশি হজযাত্রীগণের জন্য যৌক্তিক খরচে, হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ তৈরিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
প্রতিমন্ত্রী আজ হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা আরোপের বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া হজযাত্রীদের সাথে কোনোরূপ প্রতারণা করা হলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের হজযাত্রীদের মাত্র পাঁচ শতাংশের মতো সরকারি মাধ্যমে হজ পালন করে থাকেন, বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যান। তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা হতে বিরত থাকার জন্য এজেন্সি মালিকদেরকে অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর নেতৃত্বে উপস্থিত অতিথিবৃন্দ মেলা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর নেতৃবৃন্দসহ হজপ্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।
টিআইএস