ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র হবে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:০৯ পিএম
X

 বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) ১১৭তম বোর্ড সভায় পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় যমুনা সেতু এলাকায় সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে (এনডব্লিউপিজিসিএল) দীর্ঘমেয়াদি লিজে ১২০ একর জমি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান শেখ রবিউল আলম।

সভায় বোর্ডের সদস্যরা সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেন। সভার শুরুতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সভার আলোচ্যসূচি ও পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, যমুনা সেতু এলাকায় ১২০ একর জমিতে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই এনডব্লিউপিজিসিএলকে এ জমি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করতে পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সৌর প্যানেল স্থাপন বিষয়টি অন্তর্ভুক্ত করার পাশাপাশি এ বিষয়ে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাব অনুমোদন করা হয়। একই সঙ্গে উত্তরার দিয়াবাড়িতে বিআইএএম ল্যাবরেটরি স্কুল পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনর্বহালের প্রস্তাবও গৃহীত হয়েছে।

বড় স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা এবং কারিগরি সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ‘সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ (সিবিআরটি) প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০’-এর আওতায় কল্যাণমূলক সুবিধার ক্ষেত্রে ‘বার্ষিক বৃত্তি প্রদান’ শব্দের পরিবর্তে ‘বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা’ শব্দ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝