ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত আজিজুর
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে গুরুতর আহত শেখ আজিজুর রহমান মাথার গুলির ক্ষত ঢাকতে যে জাতীয় পতাকা বেঁধেছিলেন, রক্তে ভেজা সেই পতাকাই এবার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মাথায় গুলির ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন বহন করে চলা আজিজুরের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আন্দোলনের সেই রক্তমাখা জাতীয় পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার। সাক্ষাতে তিনি সেই ইচ্ছা পূরণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্প্রতি ‘গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি’ শিরোনামে আজিজুরকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং আজিজুরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী আজিজুরের আহত হওয়ার ঘটনা, চিকিৎসা, লেখাপড়া এবং বর্তমান জীবনসংগ্রামের কথা মনোযোগ দিয়ে শোনেন। সংসার ও শিক্ষাজীবনের ব্যয় নির্বাহ করতে সিএনজি চালানোর বিষয়েও খোঁজখবর নেন তিনি। আজিজুরের সংগ্রামের কথা শুনে প্রধানমন্ত্রী গভীরভাবে আবেগাপ্লুত হন।

সাক্ষাৎ শেষে অনুভূতি প্রকাশ করে শেখ আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত। নিজের কষ্টের কথা প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শুনেছেন এবং খোঁজখবর নিয়েছেন, যা তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।

তিনি বলেন, ‘এই পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার খুব ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

শেখ আজিজুর রহমান সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে মিরপুর-১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনের একপর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। মাথার গুলির ক্ষত থেকে রক্তক্ষরণ ঠেকাতে তিনি জাতীয় পতাকা মাথায় বেঁধে নেন। রক্তে ভিজে যায় সেই পতাকা, তবুও তিনি রাজপথ ছাড়েননি।

পরে ১৯ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। দুই দিনের রিমান্ড শেষে ২১ জুলাই মুক্তি পেলেও, তার দাবি-ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দীর্ঘ দুই বছরেও তিনি জুলাই যোদ্ধার স্বীকৃতি পাননি। জীবিকা ও লেখাপড়ার খরচ চালাতে বর্তমানে তিনি সিএনজি চালিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

জেবি/টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝