রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের জিন্দার আলী মোল্লার ছেলে মো. জিয়ারুল ইসলাম হৃদয় (২৩) এবং কান্দাবাড়ী গ্রামের নুরুদ্দিন শেখের ছেলে মো. শিপন শেখ (২৮)।
পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে ফরিদপুর সদর উপজেলার ইসলামপুর এলাকার ইজিবাইক চালক হাসান বেপারী ফরিদপুরের মোহাম্মদপুর এলাকা থেকে তিনজন আংশিক পরিচিত যাত্রী নিয়ে গোয়ালন্দের উদ্দেশে রওনা হন। পথে ফরিদপুরের খলিল মণ্ডলের হাট এলাকায় যাত্রীরা মুড়ির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ফেলে। পরে চালককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে ফেলে রেখে ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ২৬ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওসি মো. শফিকুল ইসলাম জানান, মামলার তদন্তে গোয়ালন্দ ঘাট থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবার বা পানীয় খাইয়ে চালকদের অজ্ঞান করে অটোরিকশা ও ইজিবাইক ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ইজিবাইক ও অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি বলেন, সম্প্রতি গোয়ালন্দে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যার ঘটনার সঙ্গে গ্রেপ্তার হওয়া দুজনের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এসআই/এসআর