গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আজিম উদ্দিন (৫৫) ও গোলাম মওলা (৩৫)।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের কোরোগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিম উদ্দিন কোরোগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে এবং গোলাম মওলা হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ কবির বলেন, গোলাম মওলা দীর্ঘদিন ধরে অন্যের গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে কোরোগাছা গ্রামের আজিম উদ্দিনের একটি গাছ কাটতে যান তিনি। এ সময় কাটা গাছটি বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায়। পরে গাছটি সরাতে গিয়ে আজিম উদ্দিন ও গোলাম মওলা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ/আরএন