ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিল সভায় তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
৬১ বছর বয়সী মানচিনি এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আজ্জুরিদের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ইতালি ইউরো ২০২০-এর শিরোপা জিতে ইউরোপের সেরা দলের মর্যাদা অর্জন করেছিল। তবে ২০২৩ সালে তিনি ইতালির দায়িত্ব ছেড়ে সৌদি আরব জাতীয় দলের কোচের দায়িত্ব নেন।
এবার কঠিন এক সময়ে ইতালির দায়িত্বে ফিরছেন মানচিনি। টানা তিনটি বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়া ইতালিকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফেরানোর বড় দায়িত্ব এখন তার কাঁধে।
মানচিনির প্রত্যাবর্তনের আগে ইতালির কোচ পদ নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। আন্দ্রেয়া পিরলোকে কোচ করার পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সেই প্রেক্ষাপটে পরিচালক পাওলো মালদিনি ও উপদেষ্টা লিওনার্দোর পদত্যাগের পর নতুন করে মানচিনিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
দ্বিতীয় মেয়াদে মানচিনির প্রথম বড় পরীক্ষা আসছে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে। এ সময় ইতালি বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। নতুন অধ্যায়ে আজ্জুরিদের নিয়ে মানচিনি কতটা সফল হতে পারেন, সেটিই এখন ফুটবল বিশ্বের বড় আগ্রহের বিষয়।
আরএন